Lemon fish



ভেটকি মাছের নাম শুনলেই জিভে জল এসে যায়। সে ফিশ ফ্রাই হোক, কাবাব বা বাড়িতে আলু, ফুলকপি দিয়ে আটপৌরে ঝোল। পাতে ভেটকি পড়লেই মনটা খুশি খুশি হয়ে যায়। আজ শিখে নিন ভেটকি দিয়ে একটি কন্টিনেন্টাল রেসিপি। ফিশ উইথ লেমন বাটার সস।
কী কী লাগবে
ভেটকির ফিলে: ৪টে
ময়দা: ১/৪ কাপ
মাখন: ৫০ গ্রাম
লেবুর রস: অর্ধেক লেবুর
পার্সলে কুচি: ২ টেবল চামচ
সিদ্ধ আলু, বিনস
কী ভাবে বানাবেন
মাছের ফিলের উপর গুঁড়ো ময়দা ছড়িয়ে নিন। ফ্রাইং প্যানে মাঝারি আঁচে মাখন গলিয়ে নিন। মাছের ফিলে দিয়ে প্রতি পিঠ ২ মিনিট করে ভেজে নিন। হালকান সোনালি রং ধরবে।
মাছ নামিয়ে বাকি মাখন প্যানে দিন, লেবুর রস দিন। আঁচ বাড়িয়ে ১ মিনিট নেড়ে নিন। এর মধ্যে পার্সলে কুচি দিয়ে নেড়ে নিন। ফিলের উপর এই সস ছড়িয়ে দিয়ে সিদ্ধ আলু ও বিনসের সঙ্গে পরিবেশন করুন।

Chicken cheesy omlet



ব্রেকফাস্ট কি আর ওমলেট ছাড়া জমে? গরম টোস্টের সঙ্গে ওমলেট আর ধোঁয়া ওঠা কফি দিয়ে শীতের সকালের আমেজটাই অন্য রকম। ওমলেটে চিজ, চিকেন দিয়ে বানিয়ে নিতে পারেন আরও একটু সুস্বাদু। শিখে নিন চিজি চিকেন ওমলেট।
কী কী লাগবে
ডিম: ৪টে
বোনলেস চিকের ব্রেস্ট: আধ কাপ (কুচনো)
কাঁচা লঙ্কা: ২টো (মিহি কুচনো)
ড্রাই অরিগ্যানো: ১ চা চামচ
গোল মরিচ গুঁড়ো: ১ চা চামচ
মোজারেলা চিজ: ১ টেবল চামচ
ধনেপাতা কুচি
মাখন: ১/৪ চা চামচ
তেল:
আধ চামচ
নুন: স্বাদ মতো
কী ভাবে বানাবেন
চিকেন সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিন। ননস্টিক প্যানে মাখন গলিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিন। আঁচ একদম কমিয়ে ১-২ মিনিট নাড়িয়ে নিন। এর মধ্যে সিদ্ধ চিকেন, কাঁচা লঙ্কা কুচি, আধ চামচ গোল মরিচ গুঁড়ো, আধ চামচ অরিগ্যানো, ধনেপাতা কুচি ও নুন দিন। মাঝারি আঁচে ১-২ মিনিট নেড়েচেড়ে আঁচ বন্ধ করে দিন। এর মধ্যে মোজারেলা চিজ দিলেই চিজ গলে যাবে। চিজি চিকেন মিশ্রণ তৈরি।
এ বার একটা বাটিতে ডিম, আধ চা চামচ গোল মরিচ গুঁড়ো, আধ চামচ অরিগ্যানো, ধনেপাতা কুচি ও নুন দিয়ে ফেটিয়ে নিন। প্যান ১ চা চামচ তেল গরম করুন। ডিমের মিশ্রণ অর্ধেক ছড়িয়ে দিয়ে আঁচ কমিয়ে দিন। ঢাকা দিয়ে ২-৩ মিনিট রাখুন। ঢাকা তুলে দেখে নিন ওমলেট প্যান থেকে ছেড়ে আসছে কিনা। এর উপর চিকেনের মিশ্রণ অর্ধেক ছড়িয়ে দিয়ে ওমলেট ভাঁজ করে নিন। এক মিনিট পর নামিয়ে নিন।
বাকি মিশ্রণ দিয়ে এ ভাবেই দ্বিতীয় ওমলেট বানিয়ে নিন। 

chicken fry



উইকএন্ডে বন্ধুদের সঙ্গে বাড়িতে আড্ডা, হঠাত্ পার্টি তো চলতেই থাকে। ধোঁয়া ওঠা কফি হোক, সফ্‌ট ড্রিঙ্ক বা অ্যালকোহল, যে কোনও কিছুর সঙ্গেই স্ন্যাকস হিসেবে ভাল লাগবে ফ্রায়েড চিকেন। ডিনারের প্ল্যান থাকলে স্টার্টার হিসেবে প্রথমে রাখতে পারেন ফ্রায়েড চিকেন।
কী কী লাগবে
ব্রয়লার চিকেন: ১টা (৮ টুকরোয় কাটা)
দই: ২ কাপ
নুন: ২ টেবল চামচ
প্যাপরিকা: ২ টেবল চামচ
রসুন গুঁড়ো: ২ টেবল চামচ
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
ময়দা
ভেজিটেবল অয়েল বা সাদা মাখন
কী ভাবে বানাবেন
চিকেন প্লাস্টিকের ঢাকা দেওয়া পাত্রে নিয়ে দই মাখিয়ে ১২-২৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। প্যানে তেল গরম করুন। ফ্রাইং প্যানে অর্ধের প্যান ভরে তেল নিয়ে গরম করুন যাতে চিকেনের টুকরো পুরো তেলে ডুবে থাকে। বা মাখন গলিয়ে নিন। চিকেন ফ্রিজ থেকে বের করে নুন, প্যাপরিকা, রসুন, গোল মরিচ মাখিয়ে নিন। ময়দা মাখিয়ে অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলুন।
প্যানে চিকেন রাখুন। স্কিনের দিক নীচের দিকে রাখবেন। থাইয়ের পিস প্যানের মাঝখানে রাখুন, ব্রেস্ট ও লেগ পিস চারপাশে ছড়িয়ে রাখুন। সোনালি বাদামি করে ভেজে নিন। টিস্যু উপর রেখে অতিরিক্ত তেল শুষে নিন।

ডাল চিকেন



গোস্ত পদটির কথা নিশ্চয়ই শুনেছেন। পাকিস্তান ও কাশ্মীরে খুবই জনপ্রিয় এই পদ। মুগ ডাল ও মাংসের মিশ্রণে তৈরি হয় ডাল গোস্ত। আজ শিখে নিন তেমনই একটি সহজ রেসিপি ডাল চিকেন।

কী কী লাগবে

চিকেন: ২৫০ গ্রাম(হাড় সমেত)

কাঁচা লঙ্কা: ২টো(চেরা)

কারি পাতা: ২আঁটি

টোম্যাটো: ১টা(কুচনো)

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

নুন: স্বাদ মতো

মুগ ডাল: আধ কাপ

জল: ২-৩ কাপ

ধনেপাতা কুচি: এক মুঠো

ঘি: ১ টেবল চামচ

জিরে: ১ চামচ

পেঁয়াজ: ১টা বড়(মিহি করে কুচনো)

আদা, রসুন বাটা: ১ টেবল চামচ

কী ভাবে বানাবেন

ডাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। চিকেন, কাঁচা লঙ্কা, টোম্যাটো, কারি পাতা, নুন, হলুদ আর জল একটা সসপ্যানে নিন। আঁচ একদম কমিয়ে ২৫ মিনিট সিদ্ধ হতে দিন। এই সময়ের মধ্যে চিকেন নরম হয়ে আসবে। এর মধ্যে ডাল দিয়ে আরও ১৫ মিনিট রান্না হতে দিন।

এ বার কড়াইতে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিয়ে আদা, রসুন বাটা দিন। ভাল করে মিশিয়ে ডালের মিশ্রণের উপর ঢেলে দিন। ধনেপাতা কুচি দিয়ে হাতা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। উপরে ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

চিকেন পুডিং



চিকেন দিয়ে যে কোনও পদই সুস্বাদু হয়। আবার ডিম সহযোগে পুডিং সকলেরই প্রিয় ডেজার্ট। চিকেন দিয়েও কিন্তু পুডিং হয়। আজ শিখে নিন চিকেন পুডিং।

কী কী লাগবে

চিকেন: ৫০০ গ্রাম

ময়দা: ১, ২/৩ কাপ

নুন: ১/২ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১/২ চা চামচ

অলিভ অয়েল: ১ টেবল চামচ

চিকেন স্টক: ৪ কাপ

ডিম: ১টা (গোটা)

ডিমের সাদা অংশ: ২টো

দুধ: ১ কাপ

মাখন: ৩ টেবল চামচ

পার্সলে কুচি: ৩ টেবল চামচ

থাইম কুচি: ১ চা চামচ

কী ভাবে বানাবেন

১/৩ কাপ ময়দার সঙ্গে ১/৪ চা চামচ নুন ও গোল মরিচ মিশিয়ে নিন। চিকেন ময়দায় কোট করে অলিভ অয়েলে মাধারি আঁচে ভেজে নিন। ৪ মিনিট পর উল্টে দিয়ে অন্য পিঠও বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজুন। এর মধ্যে চিকেন স্টক দিন। ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে ঢাকনা লাগিয়ে ১৫ মিনিট রান্না হতে দিন। এই সময়ের মধ্যে বেকিং প্যানে মাখন লাগিয়ে গ্রিজ করে নিন। এই প্যানে চিকেন দিয়ে স্টকটা সরিয়ে রাখুন।

ওভেন ২২০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন।

একটা বাটিতে ডিম, ডিমের সাদা অংশ, দুধ, ১ টেবল চামচ মাখন ও বাকি নুন ফেটিয়ে নিন। ১ কাপ ময়দা দিয়ে মিহি করে মিশিয়ে নিন। এর মধ্যে চিকেন দিয়ে ঢাকনা না লাগিয়ে ১৫ মিনিট বেক করুন। এ বার তাপমাত্রা ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে এনে আরও ২০ মিনিট বেক করুন। যতক্ষণ না সোনালি রং ধরছে।

যতক্ষণ বেক হবে ততক্ষণ একটা মাঝারি সসপ্যানে বাকি ২ টেবল চামচ মাঝারি আঁচে গলিয়ে নিয়ে ১/৩ কাপ ময়দা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না ফেনা হচ্ছে। এর মধ্যে চিকেন স্টিক দিয়ে ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে আরও ৬ মিনিট রাখুন। ক্রমাগত নাড়থে থাকবেন। পার্সলে ও থাইম কুচি ছড়িয়ে দিন।

এই গ্রেভির অর্ধেকটা চিকেন পুডিংয়ের উপর ছড়িয়ে দিন। বাকিটা সঙ্গে গ্রেভি হিসেবে পরিবেশন করুন।

চিকেন মাঞ্চুরিয়ান



ইন্দো-চাইনিজ রেসিপির কথা বললে প্রথমেই মনে আসে চিকেন মাঞ্চুরিয়ানের কথা। ড্রাই মাঞ্চুরিয়ান যেমন স্ন্যাকস বা অ্যাপিটাইজার হিসেবে খাওয়া যায়, তেমনই গ্রেভি মাঞ্চুরিয়ান রাইস, নুডলস বা রাইস নুডলসের সঙ্গে মেন কোর্সেও খাওয়া যায়। আজ শিখে নিন চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি।

কী কী লাগবে

চিকেন: ২৫০ গ্রাম (কিউব, কিমা বা কুচনো)

ডিমের সাদা অংশ: একটা ডিমের অর্ধেকটা

গোলমরিচ গুঁড়ো: ১/৪ চা চামচ

সয়া সস: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ২ চিমটি

কর্ন ফ্লাওয়ার: ২ টেবল চামচ

রাইস ফ্লাওয়ার: দেড় টেবল চামচ

আদা, রসুন বাটা: ১ চা চামচ

নুন: স্বাদ মতো

তেল: পরিমাণ মতো

মাঞ্চুরিয়ান সসের জন্য

রসুন কুচি: ১ টেবল চামচ

আদা কুচি: আধ টেবল চামচ

পেঁয়াজ: ১টা মাঝারি

সয়া সস: দেড় চা চামচ

রেড চিলি সস: ২ টেবল চামচ

ভিনিগার: ১ চা চামচ

চিকেন স্টক বা জল: ১ কাপ

কর্ন ফ্লাওয়ার: ২ চা চামচ

জল: ৩ টেবল চামচ

নুন: সামান্য

ক্যাপসিকাম কিউব: ৩/৪ কাপ

স্প্রিং অনিয়ন

পেঁয়াজ কলি (গ্রিন)

কী ভাবে বানাবেন

চিকেনের সঙ্গে সয়া সস, নুন, আদা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও গোল মরিচ গুঁড়ো মিশিয়ে নিন। ডিমের সাদা অংশ ময়দার সঙ্গে ভাল করে ফেটিয়ে ১ ঘণ্টা রেখে দিন। চিকেন এই মিশ্রণে ডুবিয়ে বলের আকারে গড়ে নিয়ে সোনালি করে ভেজে তুলুন।

কর্ন ফ্লাওয়ার ৩ টেবল চামচ জলে গুলে রাখুন। চিকেন ভাজা তেলের মধ্যেই আদা, রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট নেড়ে নিন। এ বার সস দিয়ে ফুটতে শুরু করলে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ ও স্টক দিয়ে দিন। ফুটন্ত সসে চিকেনের বল ছেড়ে দিন। স্প্রিং অনিয়ন দিয়ে ৫-৬ মিনিট রান্না হতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে উপর থেকে পেঁয়াজ কলি (গ্রিন) দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন।

ভাপা দই



মিষ্টি দই বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। শীত কাল চলে যাচ্ছে। এখনও বাজারে পাওয়া যাচ্ছে নলেন গুড়। শেষবেলায় বানিয়ে দেখতে পারেন ভাপা দই।

কী কী লাগবে

ফুল ফ্যাট দই: ৪০০ মিলি

কনডেন্সড মিল্ক: ১০০ মিলি

ক্রিম: ২০০ মিলি

পাটালি গুড়: আধ কাপ

এলাচ গুঁড়ো: আধ চা চামচ (ইচ্ছা হলে)

পরিবেশনের জন্য

আমন্ড বা পেস্তা কুচি: একমুঠো

এক চামচ ঝোলা গুড়

কী ভাবে বানাবেন

দই পাতলা সাদা কাপড়ে বেঁধে সারা রাত ঝুলিয়ে রেখে জল ঝরিয়ে নিন। একটা বড় কাচের বাটিতে দই, ক্রিম ও গুড় ভাল করে ফেটিয়ে মিশিয়ে নিন। ৩-৫ মিনিট ধরে ভাল করে ফেটান। যতক্ষণ না গুড় পুরোপুরি গলে মিশে যাচ্ছে। যদি এলাচ মেশাতে চান তো এখনই মিশিয়ে নিন।

মাটির ভাঁড় বা সেরামিকের বাটিতে এই মিশ্রণ ঢেলে বড় বেকিং ট্রে-র উপর বাটি বা ভাঁড়গুলো বসিয়ে নিন। ট্রে-র মাঝামাঝি পর্যন্ত জল দিন যাতে ভাঁড় বা বাটির তলাগুলো জলে ডুবে থাকে। প্রতিটা ভাঁড় বা বাটির মুখ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিন।

ওভেন ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। ওভেনে ৩০-৪০ মিনিট দই বেক করুন। হয়ে গেলে কিছুক্ষণ ওভেনে রেখে বের করে ঠান্ডা করে নিন। ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন।

add

intro